:
বৃহস্পতিবার, ২ এপ্রিল,২০২৬. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মাননীয় মন্ত্রী, সিরাজগঞ্জের কৃতি সন্তান জননেতা, ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় কে – নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে আদালতে করা মামলার সমন জারি করা হয়েছে ।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. সুমন ভুইয়া এই মামলার সমন জারি করেন।
এর আগে, আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার দায়ে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলার বাদী হুমায়ন কবির কর্ণেল বলেন, ‘মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কে নাস্তিক বলেছে। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার কথা উল্লেখ করিনি। সাথে সাথে ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি। আমরা ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) বলেন, ‘আমি খতিবদের কাছে দরখাস্ত করেছিলাম কি করলে নাস্তিক বা ধর্ম বিদ্বেষী হয়। ওনারা আমার দরখাস্তের আলোকে জানিয়েছেন এভাবে কেউ নাস্তিক হন না বা ধর্ম বিদ্বেষী হন না। আমরা সকল কাগজ ও পেনড্রাইভ দিয়ে পূর্ণাঙ্গ মামলা ফাইল করেছি। বিজ্ঞ আদালত আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে সমন জারি করেছেন। পরবর্তী তারিখে তিনি হাজির না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।’






















