সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ আয়োজিত “মেধাবৃত্তি-২০২৫” প্রদান অনুষ্ঠান শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে সন্দ্বীপের মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন হলরুমে সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নে ২০১৩ সাল থেকে পত্রিকাটির অব্যাহত ভূমিকার কথা উল্লেখ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুর চৌধুরী। তিনি বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পূর্ব সন্দ্বীপ হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল হান্নান এবং সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও বক্তব্য রাখেন মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, আবদুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক আবদুল মন্নান, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাস্টার আবদুর রহমান ভূঁইয়া রিপন, মাস্টার হাফিজুর রহমান ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান আতিক মাহমুদ সমির, উত্তর মগধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ শামসুদ্দিন, সন্দ্বীপ পাবলিক হাই স্কুলের সাবেক শিক্ষক মুহাম্মদ মাইন উদ্দিন, কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিজাম উদ্দিন কাউসার, মফিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ফুয়াদ এবং অভিভাবক মুহাম্মদ আকতার হোসাইন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সন্দ্বীপ একাডেমি জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পুরস্কার হিসেবে নগদ অর্থ, অভিনন্দন স্মারক, সনদপত্র, বই, ক্যালেন্ডার-২০২৬ ও নাস্তা প্রদান করা হয়।
বক্তারা বলেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষামূলক কর্মসূচিগুলো সন্দ্বীপের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনছে। তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে ভাল মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
উল্লেখ্য, শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে ২০১৪ সাল থেকে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে সাতটি নিয়মিত কর্মসূচি চলমান রয়েছে। এগুলো হলো—
১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, ২০১৪ সাল থেকে)
২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগিতা (৪র্থ শ্রেণি, ২০১৫ সাল থেকে)
৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগিতা (৩য় শ্রেণি, ২০১৬ সাল থেকে)
৪. ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক স্তর, ২০১৮ সাল থেকে)
৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, ২০১৮ সাল থেকে)
৬. ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক স্তর, ২০২২ সাল থেকে)
৭. অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান অনুষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়, ২০২২ সাল থেকে)
এই আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিভাবক ও শিক্ষাবিদরা অভিমত ব্যক্ত করেন।
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি : 



















