পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আওতাধীন সব ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাউফল উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুবায়েব রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন খানের যৌথ সিদ্ধান্তে উপজেলার আওতাধীন সব ইউনিয়ন শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে বলেও জানানো হয়।
এতে সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ছাত্রদল নেতাকর্মীদের আগামী দিনের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অল্প সময়ের মধ্যেই নতুন ও কর্মক্ষম নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠন করা হবে।
এ বিষয়ে বাউফল উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ হোসেন খান বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূলভিত্তিকভাবে শক্তিশালী করার লক্ষ্যেই সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শিগগিরই নতুন কমিটি গঠনের প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম শুরু হবে।
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 



















