পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) মোহনগঞ্জ উপজেলা আজ একটি ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন VBD মোহনগঞ্জ উপজেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মাহবুব আলম মানিক। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ও বোর্ড সদস্য মো. নাঈম হোসেন, সংগঠনের অন্যান্য বোর্ড সদস্য এবং স্বেচ্ছাসেবকবৃন্দ।
এ সময় মোহনগঞ্জ পৌর শিশু পার্কের সামনে সৌন্দর্যবর্ধনকারী ও ফলজ বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল কাঁঠাল, জাম, মেহগনি, তেঁতুলসহ বিভিন্ন মূল্যবান প্রজাতির চারা। এই উদ্যোগের মাধ্যমে শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলই দেয় না; এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তার যথাযথ পরিচর্যা করা।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD) মোহনগঞ্জ উপজেলা বিশ্বাস করে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করা সম্ভব। সেই লক্ষ্যেই ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
“একটি গাছ, একটি প্রাণ—সবুজ হোক আমাদের মোহনগঞ্জ, সবুজ হোক বাংলাদেশ।”
মোঃ নাঈম হোসেন মোহনগঞ্জ (নেত্রকোনা)প্রতিনিধি 



















