‘সবুজে সাজুক হাসপাতাল, সুস্থ থাকুক মানুষ’—এই প্রত্যয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, হাসপাতাল প্রাঙ্গণকে সবুজ ও নান্দনিক করে তোলা এবং রোগী ও সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।
সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে হাসপাতাল চত্বরে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, এসব গাছ বড় হলে হাসপাতাল প্রাঙ্গণের পরিবেশ আরও মনোরম ও স্বাস্থ্যকর হয়ে উঠবে।
বৃক্ষ আমাদের অক্সিজেনের অন্যতম প্রধান উৎস। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি গাছপালা মানুষের মানসিক প্রশান্তি ও সুস্থ পরিবেশ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই হাসপাতাল শুধু চিকিৎসাসেবা প্রদানের স্থান নয়, রোগী ও স্বজনদের জন্য পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অদিতি রায়। তিনি হাসপাতাল চত্বর সবুজায়নের পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সংশ্লিষ্টরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের জন্য নয়, অসংখ্য প্রাণের জন্যও আশ্রয় ও জীবনের অন্যতম অবলম্বন। তাই বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
তাঁদের আহ্বান—‘আসুন, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি। সবুজ হাসপাতাল গড়ি, সুস্থ পরিবেশ নিশ্চিত করি।’
বৃক্ষরোপণের এমন উদ্যোগ হাসপাতাল চত্বরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক করে তোলার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার 



















