ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে কৃষ্ণনগরের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক মনোনীত মুফতি আমজাদ হোসাইন আশরাফীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এ সময় রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান বলেন, সব কাগজপত্র সঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মুফতি আমজাদ হোসাইন আশরাফীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ৩০ ডিসেম্বর নবীনগরের একঝাঁক আলেম ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
প্রতিক্রিয়ায় মুফতি আমজাদ হোসাইন আশরাফী বলেন, গত চার বছর আমি সফলতার সঙ্গে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি আলহামদুলিল্লাহ। দায়িত্ব পালনকালে জনগণের জন্য অনেক কাজ করতে চেয়েছিলাম, কিন্তু চেয়ারের ক্ষমতা সীমাবদ্ধ হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অতীতের তুলনায় আরও বেশি জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রাথমিক সফলতা এসেছে। আমি মনে করি, এ সফলতা নবীনগরবাসীর। সুন্দর একটি নবীনগর গড়ার স্বপ্ন নিয়ে পথ চলছি।
তিনি জানান, জনগণের প্রত্যাশিত স্বপ্ন পূরণের জন্য চার বছর দায়িত্ব পালন করার পর এক বছর মেয়াদ থাকলেও চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে এমপি পদে প্রার্থী হয়েছেন। জনগণ যদি তাকে নির্বাচিত করে, তাহলে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















