চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া মালেক মুন্সি বাজার এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল হান্নান (৪৫) উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল বাতেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে সন্দ্বীপে এসে গুপ্ছড়া ঘাট থেকে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে মালেক মুন্সি বাজারের স্বর্ণদ্বীপ মেডিকেল এলাকার পশ্চিম মাথার দিকে যাচ্ছিলেন তিনি।
এ সময় একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করলে রাস্তার পাশে বালু থাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ওপর উঠে যায়। এতে পেছনে বসা আবদুল হান্নান সড়কে ছিটকে পড়ে যান। ঠিক তখনই পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হাসান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর মরদেহ ময়নাতদন্তের জন্য সন্দ্বীপ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে সন্দ্বীপ থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার জানান, লাশ থানায় রয়েছে এবং এ ঘটনায় মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






















