চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা-এর উদ্যোগে সন্দ্বীপ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ মার্চ) বিকেল ৩টায় উপজেলার বে ভিউ গার্ডেনে আয়োজিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, নুরুল মুস্তফা খোকন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সভাপতি মাওলানা মীর মোহাম্মদ ইসমাইলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, সন্দ্বীপের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাদক নির্মূলে কঠোর নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া সন্দ্বীপের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়। বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে গৃহীত উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
শাহাদাত হোসেন সন্দ্বীপ প্রতিনিধি 





















