মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু পরিবহনের বিষয়ে সংবাদ প্রকাশ ও লেখালেখির জেরে এক সাংবাদিককে বালুবাহী ট্রাক দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রাণে বাঁচতে সড়কের পাশের খালে পড়ে আহত হয়েছেন ওই সাংবাদিক। এ সময় তার মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আশীদ্রোন ইউনিয়নের উচা ব্রিজ সংলগ্ন সড়কে। এ ঘটনায় দৈনিক আমাদের কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শাকির আহমেদ (৩৬) শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে অজ্ঞাতনামা গাড়িচালকসহ ২-৩ জনকে বিবাদী করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, শাকির আহমেদ দীর্ঘদিন ধরে সংবাদ সংগ্রহের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন নিয়ে পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করে আসছেন। তার দাবি, সম্প্রতি টিকরিয়া-চকগাঁও-আশীদ্রোন-শাহাজিবাজার সড়কে রাতের আঁধারে বালুবাহী ট্রাক চলাচলের বিষয়ে তিনি তথ্য সংগ্রহ করেন।
শনিবার রাতে প্রেস ক্লাবের একটি মতবিনিময় সভা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে উচা ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলকে লক্ষ্য করে বেপরোয়া গতিতে এগিয়ে এসে চাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় ট্রাকের ধাক্কা থেকে নিজেকে রক্ষা করতে মোটরসাইকেলসহ রাস্তার পাশের খালে পড়ে যান শাকির আহমেদ। এতে তিনি আহত হন। একই সঙ্গে তার মোটরসাইকেলের সামনের লুকিং গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যায়। এতে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে মোবাইল ফোনে বিষয়টি জানালে স্থানীয় জমির আহমেদ ও মুজিবুর রহমান ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযোগের সঙ্গে চিকিৎসাপত্রের অনুলিপিও সংযুক্ত করা হয়েছে।
শাকির আহমেদ অভিযোগে আরও উল্লেখ করেন, ঘটনার সঙ্গে হেকিম উল্ল্যা, আলী হোসেন ও মাসুম মিয়া নামে কয়েকজন জড়িত থাকতে পারেন বলে তিনি তথ্য পেয়েছেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন তিনি।
সাংবাদিক শাকির আহমেদ বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশের কারণে তাকে ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করবে বলে আশা করছেন অভিযোগকারী।
অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কাওছার আহমদ সবুজ উপজেলা প্রতিনিধি 



















