মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন।
সভায় হাসপাতালের বর্তমান চলমান কার্যক্রম পরিচালনা, চিকিৎসক সংকট, আবাসন সংকট, পরিচ্ছন্নতাকর্মী শূন্যতাসহ সার্বিক সমস্যা তুলে ধরেন জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ জুলি চৌধুরী।
সভাপতির বক্তব্যে মনোয়ার হোসেন খান হাসপাতালের টু ফেজের বিদ্যুৎ সংযোগ, চিকিৎসক সংকট নিরসন, ইসিজি মেশিন, আলট্রাসনোগ্রাফী মেশিনসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম সংকট নিরসনের আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, আমাকে বিভিন্ন সময় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্পর্কে ভালো ও মন্দ সংবাদ জানানো হয় কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি অন্যান্য হাসপাতালের তুলনায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনা ভাল।
সভায় রোগীদের আউটডোরে টিকিটের মূল্য ৩ টাকা থেকে বৃদ্ধি করে ১০টাকা ও ইনডোরে রোগীর ফি ভর্তি ২০ টাকা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া, মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দ্দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাঃ আল ইয়াসিন শুভ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মোল্লা মতিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দারিয়াপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল আলম প্রদীপ, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মোঃ শরিফুল ইসলাম সাচ্চুসহ উপজেলা বিএনপির নেতাকর্মীবৃন্দ।
শ্রীপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
-
ইসরাইল হাসান আপন স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ১০:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















