মুন্সীগঞ্জের শ্রীনগরে চাঞ্চল্যকর আব্দুল জব্বার হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো. মন্টুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ আগস্ট সকাল ৭টার দিকে শ্রীনগর থানাধীন পশ্চিম খৈয়াগাঁও এলাকায় আব্দুল জব্বারের সঙ্গে মন্টুর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মন্টু ধারালো অস্ত্র দিয়ে জব্বারকে এলোপাতাড়ি কোপান বলে অভিযোগ করা হয়। গুরুতর আহত অবস্থায় জব্বারকে চিকিৎসার জন্য নেওয়া হলে ওইদিন রাত ৮টা ৫০ মিনিটে তিনি মারা যান।
পুলিশ জানায়, নিহত জব্বারের স্ত্রী মিনারা আক্তারের অভিযোগের ভিত্তিতে শ্রীনগর থানায় মামলা করা হয়। মামলার পর আসামি মন্টুকে গ্রেপ্তারে মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশের তথ্যমতে, মন্টুর পৈতৃক বাড়ি শ্রীনগরে হলেও সেখানে তার কোনো নিকটাত্মীয় বসবাস করেন না। পরে তথ্য সংগ্রহের মাধ্যমে পুলিশ জানতে পারে, তিনি গাজীপুরের কোনাবাড়ীতে তার বোনের আশ্রয়ে রয়েছেন। এর ভিত্তিতে অভিযান চালিয়ে গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুরের শ্রীপুর থানাধীন ট্যাংরা বাজার এলাকা থেকে মন্টুকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মন্টু ঢাকার লালবাগ থানার ৮ নম্বর কাশ্মেরী টোলা লেন এলাকার মৃত স্বপন মোল্লার ছেলে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: মুন্সীগঞ্জ জেলা পুলিশ মিডিয়া সেল
হারুন রশিদ শেখ ইস্টাপ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















