মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের বাড়িঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮টা ১৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে খবর আসে। লৌহজং উপজেলার কনকসার এলাকার বটতলায় মানিক ভবতোষ বর্মনের বসতবাড়িতে আগুন লেগেছে।
সংবাদ পাওয়ার পরপরই লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণরূপে নির্বাপণ করে।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে টিন ও কাঠের তৈরি দুটি বসতঘর এবং আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত ও দক্ষ পদক্ষেপের কারণে আশপাশের আরও অনেক বসতবাড়ি আগুনের বিস্তার থেকে রক্ষা পেয়েছে।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার দৈনিক বাংলার সংবাদ 



















