অ্যাশেজের তৃতীয় টেস্টে ইতিহাস গড়লেন নাথান লায়ন। গ্লেন ম্যাকগ্রাথকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হলেন অভিজ্ঞ অফস্পিনার। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ম্যাকগ্রার মজার প্রতিক্রিয়া।
ম্যাচের দ্বিতীয় দিনে নিজের প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন লায়ন।
অলি পোপ ও বেন ডাকেটকে ফিরিয়ে দেন তিনি। ওভারের তৃতীয় বলে পোপের উইকেট নেওয়ার মাধ্যমে ম্যাকগ্রার ৫৬৩ টেস্ট উইকেটের রেকর্ডে সমতা আনেন লায়ন। শেষ বলে ডাকেটকে বোল্ড করে সেই রেকর্ডও ছাড়িয়ে যান।
এই মুহূর্তেই টিভি ক্যামেরা ধরা পড়ে ধারাভাষ্য কক্ষে বসে থাকা গ্লেন ম্যাকগ্রাকে।
রসিকতা করে চেয়ার ছুড়ে মারার ভান করেন তিনি, পরে হেসে ওঠেন। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।
অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এখন কেবল শেন ওয়ার্ন (৭০৮ উইকেট) আছেন লায়নের ওপরে। ৩৮ বছর বয়সী এই স্পিনারের জন্য এটি ছিল দুর্দান্ত প্রত্যাবর্তন, ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে না খেললেও অ্যাডিলেডের স্পিন সহায়ক উইকেটে নিজের গুরুত্ব আবারও প্রমাণ করলেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়া ৩৭১ রানে অলআউট হয়। ইংল্যান্ডের পক্ষে জোফরা আর্চার নেন পাঁচ উইকেট, শেষ করেন ৫৩ রানে ৫ উইকেট নিয়ে।
ক্রীড়া ডেস্ক 

























