ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার মান, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তঃবিভাগ, অপারেশন থিয়েটার, ইপিআই স্টোররুমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ, সেবার মান ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও সার্বিক সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। রোগীদের জন্য হাসপাতাল থেকে সরবরাহ করা রান্না করা খাবারের মানও তিনি যাচাই করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মিজানুর রহমান। তিনি রোগীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এর আগে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজ (ডা.) অদিতি রায় সিভিল সার্জনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান।
পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পল্লব চক্রবর্তী, স্টাফ রিপোর্টার : 



















