প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি
উপকূলীয় অঞ্চলে নিরাপদ সুপেয় পানির সংকট মোকাবিলা এবং বৃষ্টির পানি সংরক্ষণে উৎসাহিত করতে বাগেরহাটের রামপাল উপজেলায় ২১৫টি পরিবারের মাঝে ওয়াটার ট্যাংক বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি পাওয়া উপকূলীয় এলাকায় এ উদ্যোগকে স্থানীয়রা সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার ডাকরা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ওয়াটার ট্যাংক তুলে দেওয়া হয়। কর্মসূচির আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী। নিরাপদ সুপেয় পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। ওয়ার্ল্ড ভিশনের এ উদ্যোগ বৃষ্টির পানি সংরক্ষণে জনগণকে উদ্বুদ্ধ করবে এবং নিরাপদ পানির সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। তিনি পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে উপকূলীয় জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্বাস্থ্য, শিক্ষা ও শিশু সুরক্ষা নিয়ে কাজ করছে। জলবায়ু সহনশীল সমাজ গড়ে তুলতে বৃষ্টির পানি সংরক্ষণভিত্তিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল, সিনিয়র প্রোগ্রাম অফিসার নতুন চৌকিদার, প্রোগ্রাম অফিসার পার্থসারথি দোবে, প্রোগ্রাম অফিসার সুভাষ জয়ধর, স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী মো. সোহানুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে ২১৫টি পরিবারের মাঝে ২১৫টি ওয়াটার ট্যাংক বিতরণ করা হয়। উপকারভোগীরা জানান, ট্যাংকগুলো ব্যবহার করে তারা বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারবেন, যা বছরের দীর্ঘ সময় নিরাপদ সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি হয়।
আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | ৩ জুলাই 



















