রামপালে সামাজিক নিরাপত্তা কর্মসূচীতে প্রান্তিক জনগোষ্ঠির অধিকার, শিশু বিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে করনীয় বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলার মডেল মসজিদ অডিটোরিয়ামে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস।
রামপাল উপজেলা নাগরিক কমিটির সভাপতি এম. এ সবুর রানা’র সভাপতিত্বে এবং নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথির বক্তব্যে দেন, নাগরিক কমিটির সহসভাপতি লায়লা সুলতানা, মো. মোজাফ্ফর হোসেন, মোতাহার মল্লিক, ছবি রানী মন্ডল, মো. মেহেদি হাসান, কবির আকবর পিন্টু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, বাল্যবিয়ে এবং নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পারিবারিকভাবে কেউ হামলা মামলার স্বীকার হলে নারীদের আইনি অধিকার এবং সুরক্ষা পেতে সরকারি কেন্দ্রগুলোতে গেলেও বিনামূল্যে আইনি সহায়তা দেওয়া হয় বলে অবহিত করা হয়। বাল্যবিয়ে প্রতিরোধে জন্ম নিবন্ধন যাচাই নিশ্চিত করা এবং বাল্যবিয়ের নেতিবাচক শারীরিক ও সামাজিক প্রভাব সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে বলেও বক্তারা জানান।
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা 



















