বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে এক পরীক্ষার্থীকে নিষিদ্ধ ডিভাইসসহ আটক করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রবেশের সময় জি এম সারোয়ার আহমেদ নামের এক পরীক্ষার্থীকে মোবাইল ফোন ও পকেট রাউটারসহ আটক করে বেরোবি প্রক্টোরিয়াল টিম।
পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত শিক্ষার্থী এম সারোয়ার আহমেদ ২০২৩-২৪ সেশনের (এইচএসসি) কারমাইকেল কলেজের সাবেক শিক্ষার্থী।
বেরোবি প্রক্টর ড. ফেরদৌসুর রহমান জানান, পরীক্ষার্থীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্তে এখন পর্যন্ত কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে অসদুপায় অবলম্বনের চেষ্টা করার কারণে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। পরে বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেল ও মোবাইল কোর্টসহ সংশ্লিষ্টরা বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ বলেন, কোনো শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করলে বা তার কাছে অবৈধ কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টোরিয়াল বডি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। কেন্দ্র বা হলের বাইরে যদি কোনো অপরাধ ঘটে, তবে তা প্রচলিত আইনের আওতায় আসে। এই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা অথবা পুলিশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিষয়টির নিষ্পত্তি হবে।
অনলাইন ডেস্ক, 

























