কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নাজিমখানে চলন্ত ইট ভাঙার মেশিন উল্টে গিয়ে তিন নারীসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার ০২ আগস্ট ২০২৬ইং সকালে উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চলন্ত ইট ভাঙার মেশিন রতিরাম পাঠান পাড়ায় উচু ব্রিজ পাড় হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ইট ভাংগা মেশিনের উপরে থাকা ৩ জন মহিলা সহ ১ যুবক গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গ্রামগঞ্জের রাস্তায় এসব অনিয়ন্ত্রিত ও ভারী চলন্ত ইট ভাঙার মেশিনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তায় এসব যানের অবাধ্য চলাচল বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
এবিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার (কন্টাক্টর) মিজানুর রহমান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে জানিয়েছেন।
মহানন্দ বর্মন, রাজারহাট উপজেলা প্রতিনিধি। 



















