নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
পরদিন বুধবার বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আজ সকালে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
জানা যায়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য মো. আলী হোসেন ফকির। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে তাকে একবার চাকরিচ্যুত করা হয়।
বিএনপি আমলে তিনি চাকরি ফিরে পান। এরপর আবার আওয়ামী লীগ আমলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান।
অনলাইন ডেস্ক, 

























