চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া রাজাহাটের রাজাভুবন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, চারিত্রিক বিকাশ এবং বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জনাব খোরশেদ আলম ফারুকী।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রতন কান্তি পালের সঞ্চালনায় সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মনতোষ কুমার নাথ ও প্রকাশ কান্তি সেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি ইসহাক জামান ও অশ্রু চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম ফারুকী শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি কোচিং সেন্টারের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীরা যেন ঘরে অতিরিক্ত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার না করে, সেদিকে অভিভাবকদের কঠোর নজর রাখার পরামর্শ দেন।
তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আচরণ, নিয়মানুবর্তিতা ও নৈতিক মূল্যবোধ গঠনে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক নুরুল আলম অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর জীবনে শিক্ষকের চেয়েও অভিভাবকের ভূমিকা অনেক বেশি। তিনি অভিভাবকদের উত্থাপিত বিভিন্ন পরামর্শ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গঠনে বিদ্যালয় ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখেন আব্দুস সালাম সবুজ, রবিউল আবছার (বাচ্চু), রেজাউল করিম ও জাহাঙ্গীর আলম সওদাগর।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে উপস্থিত ছিলেন নিপুনা বড়ুয়া, জাহিদুল হক, আব্দুস সাত্তার, ফারজানা সুলতানা ববি, রেবেকা খাতুন, মঈনুল ইসলাম, আয়েশা খাতুন, সোহেল রানা, আব্দুল কাদের ও ভ্যালেন্টিনা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, আব্দুস সামাদ, দিদারুল আলম, রাসেদ আহমদ সিকদার, ইব্রাহিম সাগর, শপি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের অভিভাবকেরা।
সমাবেশ শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও অভিভাবকদের জন্য হালকা আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















