রাঙ্গুনিয়ার বন, পরিবেশ, নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ‘রাঙ্গুনিয়া বন, পরিবেশ ও নদী সংরক্ষণ অ্যালায়েন্স (রাবপনি)’ নামে নতুন একটি পরিবেশবাদী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাঙ্গুনিয়ার কাচ্চি মহল রেস্টুরেন্টে আয়োজিত এক সভায় সংগঠনটির ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ইউসুফ সিকদারকে আহ্বায়ক এবং হাবিবুর রহমান হাবিবকে সদস্য সচিব করা হয়েছে।
সংগঠনটির ইংরেজি নাম Rangunia Forest, Environment & River Conservation Alliance (RFERCA)। এর স্লোগান— ‘প্রকৃতি রক্ষায় ঐক্য, ভবিষ্যৎ সুরক্ষায় অঙ্গীকার’।
সভায় পৃষ্ঠপোষক সদস্য হিসেবে উপস্থিত ছিলেন এসএম লোকমান, সেকান্দর, ইমাম হোসেন, মাসুদ, আবু নাছের টিপু, সোহেল ও শামসুল আলম। এছাড়া যুব সংগঠক রিজভী, অ্যাডভোকেট সরোয়ার, মানবাধিকারকর্মী মোরশেদ ও ওয়াহিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, রাঙ্গুনিয়ার বন, পাহাড়, নদী, খাল, ছড়া ও জলাশয় রক্ষায় সম্মিলিত সামাজিক উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে ব্যাপক বৃক্ষরোপণ, পরিবেশ দূষণ প্রতিরোধ, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন জনসচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, দল-মত নির্বিশেষে আইনসম্মত, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে রাঙ্গুনিয়ার বন, পরিবেশ, নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করবে ‘রাবপনি’।
রাঙ্গুনিয়া প্রতিনিধি: ওমর ফারুক 



















