রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নং হাড়িয়ারকুটি ইউনিয়নে অবস্থিত “৪ নং হাড়িয়ারকুটি মানব সেবা ফাউন্ডেশন”-এর উদ্যোগে অসহায় ও দুস্থ ১৮টি পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের ২৬ জন তরুণ সদস্যের ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহায়তায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, ডাল, তেল, সাবান, আদা, রসুন, পিয়াজ, গরম মসলা, আলুসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
ফাউন্ডেশনের সদস্যরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মুখে সামান্য হাসি ফোটানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। তারা আরও জানান, প্রতি ঈদ, শীতকাল ও বিভিন্ন দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার ইচ্ছা ও পরিকল্পনা রয়েছে তাদের।
ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন ফাউন্ডেশনের সদস্যরা।
এ সময় স্থানীয় সুধীজন তরুণদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
তারাগঞ্জ উপজেলা প্রতিনিধি, রংপুর 



















