কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাঁড়ারা গ্রামের কৃষক মোঃ সেন্টু গার্ড পাঁচ (০৫) বিঘা জমিতে গ্রীন ডায়মন্ড প্লাস জাতের গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করেছেন । প্রচলিত ধারণাকে বদলে গ্রীষ্মকালেও বাঁধাকপি চাষ করে এলাকায় সাড়া ফেলেছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, পাঁচ বিঘা জমিজুড়ে গ্রীন ডায়মন্ড প্লাস জাতের বাঁধাকপির গাছ বেশ সতেজ ও সবুজ। গ্রীষ্মকালীন মৌসুমে বাঁধাকপি চাষ হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যেও এ জাতের প্রতি আগ্রহ তৈরি হয়েছে।
কৃষক মোঃ সেন্টু গার্ড জানান, তিনি পাঁচ বিঘা জমিতে গ্রীন ডায়মন্ড প্লাস জাতের গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করেছেন। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত পরিচর্যা করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও ন্যায্য বাজারদর পাওয়ার প্রত্যাশা করছেন তিনি।
আজ সকাল ১০টার সময় বাঁধাকপি ক্ষেত পরিদর্শন করেন মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিয়র রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, মোঃ মকিবুল ইসলাম, সাংবাদিক মাহাতাব উদ্দিন লালন, তরুণ কৃষি উদ্যোক্তা ও সাংবাদিক সোহরাব হোসেন সহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ফসলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে কৃষককে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কৃষি কর্মকর্তা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাত ব্যবহারের মাধ্যমে গ্রীষ্মকালেও বিভিন্ন সবজি চাষ করে কৃষকরা লাভবান হতে পারেন। কৃষকদের নতুন জাত ও আধুনিক চাষাবাদে উৎসাহিত করতে মাঠ পর্যায়ে কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রয়েছে।
মোঃ সোহরাব হোসেন :: মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 



















