তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন,
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ছে। মানুষ বেশির ভাগ ক্ষেত্রে এসব সংবাদকে ফেক সংবাদ মনে করে। তিনি এর পেছনের কারণ হিসেবে মানুষের কাছে সংবাদের বিশ্বাসযোগ্যতা কমে গেছে বলে উল্লেখ করেন।
মন্ত্রী আজ সকালে ভোলা প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, এখন গণমাধ্যম মুক্ত। আপনারা আমাদের কাজগুলো ভালো নাকি মন্দ সে বিষয়টি নিয়ে সমালোচনা করবেন। তবে এই সমালোচনা হবে আমাদের কাজে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং আমাদেরকে সহযোগিতার জন্য।
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করে মানুষকে ভালো করা যায় না ; মানুষ হিসেবে আমাদের নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সত্য সংবাদ তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। সংবাদের দ্বারা যেন কারো সম্মানহানি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এসময় তিনি সংবাদ পরিবেশনে কারো অতিরিক্ত প্রশংসা করাও অনুচিত বলে মন্তব্য করেন।
তিনি বলেন, আমার রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে আপনারা সবাই অবগত। আমি সাংদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করি না।
তিনি আরও বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে; এখন দরকার গুণগত উন্নয়ন। এসময় তিনি তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করে প্রশাসনকে সহযোগিতার আহবান জানান।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী, ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন
মোঃ মহিম ভোলা জেলা প্রতিনিধি 



















