জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৫০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরপাকেরদহ্ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন, উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৪১) এবং বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নিয়মিত টহল দিচ্ছিল। এসময় গোপন সংবাদ আসে যে, বাংলা বাজার এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন কারবারি অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে নিজাম উদ্দিন ও সুজন মিয়াকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্নেহাশীস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং মাদারগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।






















