জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা, ইলশামারী, পূর্ব নলছিয়া, নলছিয়া বাজার ও মহিষবাথান বাজারসহ কয়েকটি গ্রামে টানা তিন দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ীরা।
বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই গ্রামগুলো অন্ধকারে ডুবে যাচ্ছে। অনেক বাড়িতে কুপি বাতি ও মোমবাতি জ্বালিয়ে রাত কাটাতে হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্য অনেককে দূরের বাজারে যেতে হচ্ছে।
দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ, মাংস, দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট হয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ী মো. বাদশা বলেন, ঈদের পর কেনা গরুর মাংস ও মাছ পচে গেছে। দোকানে রাখা আইসক্রিম, দইসহ ঠান্ডাজাত পণ্যও নষ্ট হওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেচ পাম্প বন্ধ থাকায় বোরো ধানের জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা। এতে ফলন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, ঝড়ে ৩৩ কেভি লাইনের খুঁটি ভেঙে যাওয়া এবং বিভিন্ন স্থানে তার ছিঁড়ে যাওয়ার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ চলছে এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
লালডোবা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান মোকু বলেন, “তিন দিন ধরে অন্ধকারে আছি। বাচ্চারা পড়তে পারছে না, ফ্রিজের খাবার নষ্ট হয়ে গেছে। দ্রুত বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার দাবি জানাই।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত সমস্যার স্থায়ী সমাধান চেয়েছেন।
মাদারগঞ্জে টানা ৩ দিন বিদ্যুৎ নেই, চরম দুর্ভোগে কয়েকটি গ্রামের মানুষ
-
মোঃ সাদ্দাম হোসাইন জামালপুর মাদারগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- 79
জনপ্রিয় সংবাদ




















