কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেছেন, “মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”
শুক্রবার ২৬ জুন,২০২৬ইং কুড়িগ্রাম পৌর টাউন হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে খন্দকার ফজলে রাব্বি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এ সংকট পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়। তিনি মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন সোহেল হোসনাইন কায়কোবাদ, স্বপন কুমার বিশ্বাস, আসাদুজ্জামান, শফিকুল ইসলাম বেবু এবং মাহফুজার রহমান খন্দকার।
বক্তারা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















