সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি মসজিদে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়ির প্রবেশপথও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে বাড়ির রাস্তার বেড়া অপসারণ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার পাটলি ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের মোকামবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী ও দানশীল ব্যক্তি পীর ওয়ারিছ চৌধুরী প্রায় আড়াই মাস আগে দেশে ফেরেন। এর মধ্যে গত দুই সপ্তাহ ধরে গ্রামের দুলা মিয়ার লোকজনের সঙ্গে রাস্তার জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়।
শুক্রবার (১ মে) সরেজমিনে পীর ওয়ারিছ চৌধুরী অভিযোগ করে বলেন, “দুলা মিয়ার লোকজন আমার বাড়ির রাস্তাসহ সামনের অংশ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে বাড়ির রাস্তা খুলে দেয়। তবে বাড়ির সামনের অংশে এখনো বেড়া রয়েছে। এছাড়া পুরাতন বাড়ি ও মসজিদের যাওয়ার পথও বেলা বেগম নামে এক ব্যক্তি বন্ধ করে দিয়েছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
এদিকে অভিযুক্ত দুলা মিয়ার পক্ষের লোকজন জানায়, রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিষয়টি বর্তমানে পুলিশের কাছে বিচারাধীন রয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি আমরা দেখছি। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির রাস্তা খুলে দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
মসজিদের পথে বাঁশের বেড়া, জগন্নাথপুরে উত্তেজনা
-
মুবিন উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
- আপডেট সময় : ০২:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
- 39
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















