ময়মনসিংহের গফরগাঁও (ময়মনসিংহ-১০) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আক্তারুজ্জামান বাচ্চুর মনোনয়ন বাতিলের দাবিতে এলাকায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন ও সহিংস ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ডিসেম্বরে) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শিবগঞ্জ রোড রেলক্রসিংসহ পৌর শহরের বিভিন্ন স্থানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিএনপির একাংশের নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের দাবিতে রেললাইন অবরোধ করে রেললাইনে আগুন দেন।
এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পাশাপাশি আতঙ্কে গফরগাঁও পৌর শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী, থানা পুলিশ, রেল পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
গফরগাঁও রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, রেললাইনে আগুন দেওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে পুলিশ চেষ্টা করছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।