যশোরের মনিরামপুরে পেশাগত দায়িত্ব পালনকালে মোটরসাইকেল থেকে পড়ে ফারুক হোসেন (৪০) নামের এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু হয়েছে। ২৯ এপ্রিল সকালে মনিরামপুর সদর বাজার এলাকায় ঘটনা ঘটেছে।
নিহত ফারুক হোসেন মনিরামপুর উপজেলার ঝাঁপা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জিসকা (Ziska) ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে ফারুক হোসেন তীব্র গ্যাসের সমস্যা অনুভব করলে চিকিৎসার জন্য মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি কিছুটা সুস্থ বোধ করেন। হাসপাতালের কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
তবে হাসপাতাল থেকে বের হয়ে মনিরামপুর বাজারের পৌঁছালে হঠাৎ তিনি চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পুনরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ ইফতেখার রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ফারুক হোসেন সকালে অতিরিক্ত গ্যাসের সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলো। তাকে চিকিৎসা করা হয়। হাসপাতাল থেকে ফেরার পথে স্ট্রোক করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ফারুক হোসেনের এই অকাল মৃত্যুতে তার পরিবার এবং সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শোকাহত মনিরামপুরে কর্মরত অন্যান্য ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।






















