গোয়াইনঘাট সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার উদ্দীনের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে স্থানীয় গুরুকচি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলার খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাহার উদ্দীনের পথরোধ করে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অভিযোগ রয়েছে, ১নং রুস্তমপুর ইউনিয়নের নিজ ধরগ্রামের সাদ্দাম নামের এক ব্যক্তি ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আহত বাহার উদ্দীনকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ হামলার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীরা এ ঘটনাকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের আশা, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে।
মধ্যরাতে রক্তাক্ত হামলা! গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার উদ্দীন গুরুতর আহত, এলাকায় তীব্র উত্তেজনা
-
কবির হোসাইন,নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট: - আপডেট সময় : ০৮:০০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- 190
মধ্যরাতে রক্তাক্ত হামলা! গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার উদ্দীন গুরুতর আহত, এলাকায় তীব্র উত্তেজনা
জনপ্রিয় সংবাদ



















