আন্তর্জাতিক অঙ্গনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে সরকার অনুমোদিত সংস্থা ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ পরিচালিত শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’। সৌদি আরবের বিশ্বখ্যাত ‘মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে’ চূড়ান্তভাবে ভর্তির সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠানটির ১৭ জন মেধাবী শিক্ষার্থী। একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাফল্য নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার চালালেও শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন যে, চান্স পাওয়ার বিষয়টি শতভাগ সত্য।
সম্প্রতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের ছেলে আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন। তাঁর পোস্টে উল্লিখিত “১৭টি ম্যাসেজ, ১৭টি স্ক্রিনশট”-এর মাধ্যমে মূলত ১৭ জন শিক্ষার্থীর চূড়ান্তভাবে চান্স পাওয়ার বিষয়টিকেই বুঝানো হয়েছে। প্রমাণস্বরূপ তিনি একটি চূড়ান্ত মনোনয়নের ছবিও প্রকাশ করেন। যার একটি নমুনা ছবিতে দেখা যায়, যেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাঠানো ‘Congratulations! You have been accepted’ বার্তাটি স্পষ্ট)।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “স্বাগতম! আপনি জামেয়া ইসলামিয়্যাহ মদীনাতে ফাইনালি সিলেক্টেড হয়েছেন। ১৭ টা ম্যাসেজ, ১৭ টা স্ক্রিনশট, ১৭ টা স্বপ্ন। আলহামদুলিল্লাহ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান গুজবের কড়া জবাব দিয়ে তিনি ওই পোস্টে আরও লেখেন, “আল্লাহ যাকে যা দেন তা কেউ ছিনিয়ে নিতে পারে না। আল্লাহ আপনি জামেয়া সালাফিয়্যাহকে কবুল করেন। কারও বিভ্রান্তিকর পোস্ট দেখে ভুল বুঝবেন না।”
এদিকে অপপ্রচারের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামিয়া সালাফিয়্যাহর শিক্ষার্থীরা জানান, মদিনা বিশ্ববিদ্যালয়ে তাদের সহপাঠীদের চান্স পাওয়ার বিষয়টি শতভাগ সত্য। তবে প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে এখনো উত্তীর্ণদের নামের তালিকা ঘোষণা করা হয়নি। যেহেতু বিষয়টি এখনো অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, তাই তারা এখনই ব্যক্তিগতভাবে কারও নাম প্রকাশ করতে ইচ্ছুক নন।
শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনের স্বীকৃতিস্বরূপ এক বিশেষ সংবর্ধনারও আয়োজন করা হয়। ‘আল-ই‘তিসাম টিভি’-এর প্রচারিত একটি পোস্ট থেকে জানা যায়, একই প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক ছাত্র মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় ৫ জন বরেণ্য সৌদি শায়খ উপস্থিত থেকে তাদের বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন। এটি বাংলাদেশের যেকোনো দ্বীনি প্রতিষ্ঠানের জন্য এক অনন্য সম্মান।
উল্লেখ্য, বিশিষ্ট আলেমে দ্বীন শায়খ আবদুর রাযযাক বিন ইউসুফের নিবিড় তত্ত্বাবধানে এবং সরকার অনুমোদিত ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীনে ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’ পরিচালিত হয়ে আসছে। নারায়ণগঞ্জে এর মূল শাখা অবস্থিত। এছাড়াও রাজশাহী, বরিশাল ও দিনাজপুরে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর সুযোগ পাওয়া প্রতিষ্ঠানটির মানসম্মত ও যুগোপযোগী শিক্ষারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
ফয়সাল আহমেদ ,স্টাফ রিপোর্টের 



















