চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলিমোড় বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় “মাদককে না বলুন—সুন্দর সমাজ গড়ুন, মাদকমুক্ত সমাজ গড়তে আসুন, সবাই ঐক্যবদ্ধ হই”—এই স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করে আলিমোড় যুব কল্যাণ ও মানবসেবা ফাউন্ডেশন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মো. আব্দুল বারিক বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর করলে হবে না; সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে যুবসমাজকে মাদকের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ভোলাহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা শামসুজ্জামান আলকাস বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সাবেক আমির মাওলানা কারী আলাউদ্দিন মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বান জানান।
সাবেক ভাইস চেয়ারম্যান লোকমান আলী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সুযোগ বাড়াতে হবে।
এ সময় আরও বক্তব্য দেন মো. সারোয়ার জাহান মাস্টার, আলিমোড় যুব কল্যাণ ও মানবসেবা ফাউন্ডেশনের সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি মো. সেলিম রেজা, মুশরিভুজা যুবক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জুয়েল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আসাদুল হক।
বক্তারা বলেন, মাদক প্রতিরোধে যুবসমাজকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, শিক্ষা ও সামাজিক সেবামূলক কাজে সম্পৃক্ত করা গেলে মাদকের ভয়াবহতা থেকে তাদের রক্ষা করা সম্ভব। এজন্য অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
মানববন্ধন থেকে মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
আয়োজকরা জানান, আলিমোড় যুব কল্যাণ ও মানবসেবা ফাউন্ডেশন যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে।
মানববন্ধনে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উল্লেখ্য, আলিমোড় যুব কল্যাণ ও মানবসেবা ফাউন্ডেশন এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি পালন করেছে।
ভোলাহাটে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
-
আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার - আপডেট সময় : ০২:১৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- 31
জনপ্রিয় সংবাদ




















