শহীদ নুর আলমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার কবর জিয়ারত, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শহীদ নুর আলমের বাড়ির পাশের মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোবহান, যুগ্ন আহবায়ক এনামুল হক, যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লা, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, ভোলা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার সহ জেলা, সদর উপজেলা, পৌর, থানা ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শহীদ নুর আলম গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে তিনি গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তাঁর আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ নুর আলমের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাঁর আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।
শেষে শহীদ নুর আলমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
মোঃ মহিম ভোলা জেলা প্রতিনিধি 



















