কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৯টি ওয়ার্ডে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছে। নির্ধারিত তালিকাভুক্ত উপকারভোগীরা স্বাচ্ছন্দ্যে তাদের বরাদ্দকৃত পণ্য গ্রহণ করছেন।
গতকাল সোমবার (৩১ আগস্ট) চলমান টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। এসময় তিনি বিতরণকেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং উপকারভোগীদের যাতে কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্ধারিত উপকারভোগীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে টিসিবির এই কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের দৈনন্দিন বাজার ব্যয়ে কিছুটা স্বস্তি মিলছে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















