ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।
সকালে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ব্যানারে উপজেলার শিল্পনগরী সিডস্টোর এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করে ওই সংগঠনের সদস্যবৃন্দরা। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সহ সিডস্টোর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
সংগঠনটির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ শ্রমিক অংশ নেন, এ সময় রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দও ওই র্যালি ও সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনাকবলিত শ্রমিকদের ক্ষতিপূরণসহ ১২দফা দাবি জানান।






















