জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, সেবার মানোন্নয়ন নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তব অগ্রগতি সরেজমিনে পর্যালোচনার লক্ষ্যে আজ ০৩ আগস্ট ২০২৬ তারিখে পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ ভান্ডারিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
দিনব্যাপী সফরের শুরুতে জেলা প্রশাসক ভিটাবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং ভিটাবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি সেবাগ্রহীতাদের জন্য প্রদত্ত স্বাস্থ্য ও ভূমিসেবার সার্বিক কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং নাগরিকবান্ধব পরিবেশ পর্যালোচনা করেন। জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে তিনি বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৮ নং ভান্ডারিয়া হাই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক দেউলবাড়ি মাধ্যমিক বিদ্যালয় হতে মহাজনের বাড়ি পর্যন্ত জার্মান খাল ও চরখালী খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। তিনি প্রকল্পের বাস্তব অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি প্রবাহ স্বাভাবিক রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উন্নয়ন প্রকল্পসমূহের গুণগত বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের সরেজমিন পরিদর্শন ও নিবিড় তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ আল মামুন 



















