নদীগর্ভে বিলীন হচ্ছে পাবনার ফরিদপুর উপজেলার পুঙলী ইউনিয়ন এর রতনপুর উত্তরপাড়া, ঝুঁকিতে অন্তত ৬০টি বাড়ি পুঙলী ইউনিয়নর রতনপুর উত্তরপাড়া ব্রিজ সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। নদীর তীব্র স্রোতে ইতোমধ্যে একাধিক বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে এবং আরও বহু বাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অব্যাহত ভাঙনের ফলে অন্তত ৬০টি বাড়ি চরম ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে কয়েকটি ঘর ইতোমধ্যে নদীতে তলিয়ে গেছে। প্রতিদিনই ভাঙন বাড়তে থাকায় নদীপাড়ের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, সময়মতো কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। অনেকেই বসতভিটা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। কেউ কেউ ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন, তবে আর্থিক সংকটের কারণে অধিকাংশ পরিবারের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভাঙনরোধে টেকসই ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় পুরো উত্তরপাড়া এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় তৎপরতার অভাব রয়েছে। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁদের দাবি, ভাঙনরোধে সমন্বিত ও অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ না নেওয়ায় জনমনে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রতিনিধিঃ মোঃ শামীম আহমেদ পাবনাঃ 



















