ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাড়িয়া নিয়াপাড়ায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সদস্য তফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমানুল্লাহ আল বারী।
প্রধান অতিথির বক্তব্যে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ধরনের সচেতনতামূলক আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহভাবে মাদকের ঝুঁকির মুখে রয়েছে। এলাকার মাদক ব্যবসায়ীর সংখ্যা হয়তো হাতে গোনা কয়েকজন, কিন্তু তাদের কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদক মানুষের জ্ঞান-বিবেক ও কর্মক্ষমতাকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পরিবার, সমাজ এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ ছাড়া মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করা সম্ভব নয়। তাই সকলকে সচেতন হওয়ার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ আলী মাস্টার এবং সাংবাদিক মো. আকতারুল ইসলাম আক্তার।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা বৃদ্ধি, তরুণদের মাদকের কুফল সম্পর্কে অবহিত করা এবং মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেনষস
মোঃ আকতারুল ইসলাম আক্তার স্টাফ রিপোর্টার 



















