ব্রাহ্মণবাড়িয়ায় মামুনুল হককে নিয়ে কুরুচিপূর্ণ ও তীর্যক মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন সাবেক ছাত্রদল নেতা মোকাররম হোসেন আদি। সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে নিয়ে করা একটি পোস্টকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে মামুনুল হককে নিয়ে আপত্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করেন তিনি।
ওই পোস্টে তিনি লিখেন –“৫০১ নাম্বার রুমের জনক মামুনুল হক আকাম করতে গিয়ে যখন ধরা খায়, তখন নারায়ণগঞ্জের যুবদল, ছাত্রদলের ছেলেরা এগিয়ে এসেছিলো তাকে উদ্ধার করতে… তখন তাদের জোটের গুণ্ডা বাহিনীর কোন নাম গন্ধই ছিলো না। কিন্তু গতকাল এই রুমের জনক বক্তৃতায় বিএনপিকে কটাক্ষ করে বক্তব্য দেয়-
ঈদের পরে আন্দোলন হবে কিন্তু সেই ঈদও আর আসলো না।
আপনি যখন হোটেল রুমে গিয়ে কুকাম করতে ব্যস্ত ছিলেন তখন বিএনপি কর্মীরা রাজপথে রক্ত দিতো, গুম হতো, খুন হতো…”
পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলার আলেম সমাজ ও বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়। অনেকে এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে উল্লেখ করেন। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের কাছে ওই সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
ক্রমবর্ধমান সমালোচনার মুখে পড়ে তিনি তার ফেসবুক আইডি থেকে বিতর্কিত পোস্টটি মুছে ফেলে নতুন করে আরেকটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
সচেতন মহল বলছেন, দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সংযত ও সতর্ক হওয়া প্রয়োজন।


























