ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ছোট ভাইয়ের ঘুসির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিঠুন মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের মো. আঙুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে সোমবার রাতে বাড়িতে দুই ভাই – মিঠুন মিয়া ও তার ছোট ভাই ইমরান মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান বড় ভাই মিঠুনের বুকে সজোরে ঘুসি মারেন। এতে মিঠুন মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 



















