।
পরিবেশ রক্ষা ও দেশকে সবুজায়নের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর (ভাটার মোড়) এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী ‘বিরামপুর বৃক্ষমেলা-২০২৬’।
শাফা গার্ডেনের আয়োজনে-অনুষ্ঠিত এ মেলায় দেশি-বিদেশি নানা জাতের ফলদ, বনজ, ঔষধি, ফুল ও বারোমাসি ফলের উন্নত জাতের চারার বিশাল সমাহার করা হয়েছে। মেলায় বিভিন্ন জাতের আম, ওডিসি বারমাসী সজনা, বারমাসী কাঠাল, ব্ল্যাক ম্যাজিক আঙুর, বারমাসী আমড়া, লটকন, কদবেল, আঠাবিহীন বেল, সফেদা, দেশি ও মিশরীয় শরীফা, চায়না-২ ও চায়না-৩ লিচু, বেদানা, জি-৯ কলা, ভারত সুন্দরী ও বল সুন্দরী বরই, কাশ্মীরি কুল, আমলকি, গোল্ডেন-৮ পেয়ারা, টপ লেডি পেঁপে, ভাগোয়া আনার, খাটো জলপাই, মিষ্টি তেঁতুল, নারিকেল, কাঠ লিচু, ফিলিপিনো ব্ল্যাক আখ, করমচাসহ অসংখ্য উন্নত জাতের চারা বিক্রি হচ্ছে।
মেলার উদ্বোধন করেন বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ প্রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় বলেন, “এই নাসব্যাপী বৃক্ষমেলার মাধ্যমে এলাকার মানুষকে বেশি বেশি গাছ লাগাতে উদ্বুদ্ধ করাই আমাদের লক্ষ্য। প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ করেন, তাহলে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সহজ হবে।”
শাফা গার্ডেনের উদ্যোক্তা মো. শাহিন ফেরদৌস জানান, ২০২২ সালে মালয়েশিয়া থেকে দেশে ফিরে তিনি বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক সংলগ্ন টাটকপুর (ভাটার মোেড়) এলাকায় শাফা গার্ডেন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ফুল ও বারোমাসি ফলের হাজারো চারা রয়েছে। তিনি পরিবার-পরিজন নিয়ে গার্ডেন পরিদর্শন এবং পছন্দের চারা সংগ্রহের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
মোঃ মোকাদ্দেছ বাবু, দিনাজপুর (বিরামপুর) প্রতিনিধি 



















