বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার দুই মহাতারকা এবার এক হতে চলেছেন। প্রখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নতুন একটি মেগাপ্রজেক্টে প্রধান চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামিল সুপারস্টার ধানুশ। পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটি হবে জঙ্গলকেন্দ্রিক এক টানটান ড্রামা।ভানসালি প্রডাকশনসের ব্যানারে নির্মিতব্য এই ছবিটি পরিচালনা করবেন তামিল নির্মাতা পিএস মিত্রান।
‘সর্দার’ ও ‘ইরমবু থিরাই’-এর মতো সফল ছবি পরিচালনা করে তিনি আগে থেকেই জনপ্রিয়। এই ছবির মাধ্যমেই হিন্দিতে পরিচালক হিসেবে পা রাখছেন তিনি। জানা গেছে, প্রথমে এই চরিত্রের জন্য রাম চরণের কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ধানুশকেই চূড়ান্ত করা হয়েছে।২০২৭ সালের শুরুর দিকে এই বিশাল বাজেটের ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
তবে তার আগে ধানুশ তার হাতে থাকা দক্ষিণী ছবিগুলোর কাজ শেষ করবেন। বর্তমানে তিনি ‘ডি৫৫’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এ ছাড়া তার ঝুলিতে রয়েছে ‘ভাদা চেন্নাই ২’ এবং আরো বেশ কিছু প্রতীক্ষিত সিনেমা। চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘কারা’।
বর্তমানে সঞ্জয় লীলা বানসালি ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে নিয়ে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ নিয়ে। এ ছাড়া তার প্রডাকশন থেকে কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিক এবং ঐতিহাসিক ড্রামা ‘জয় সোমনাথ’ নির্মাণের পরিকল্পনাও চলছে।
সূত্র : ভ্যারাইটি ইন্ডিয়া