পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপনের ব্যয়ভার নিয়ে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রবিন হাওলাদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) সকালে উপজেলার কালাইয়া লঞ্চঘাট সংলগ্ন হাওলাদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে একটি ড্রেনেজ পাইপ স্থাপনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। এ কাজে প্রতিবেশীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা চাওয়া হলে রতন ব্যাপারী নামে এক ব্যক্তি তাতে আপত্তি জানান। এ নিয়ে মঙ্গলবার দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
বুধবার সকালে সেই বিরোধকে কেন্দ্র করে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের হামলায় রবিন হাওলাদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন হৃদয় হাওলাদার (২২), ঠাকুর রানী হাওলাদার (৪৫), রনি হাওলাদার (২০), আনন্দ ব্যাপারী (৫৫), কুসুম রানী (৪৫), প্রদীপ ব্যাপারী (২৭) ও রতন ব্যাপারী (২৫)। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পর আনন্দ ব্যাপারী ও তার দুই ছেলেকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল লিখন উপজেলা 



















