কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলাধীন
বাংটুর ঘাট থেকে বড়ভিটা পর্যন্ত সংযোগ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক চরম ভোগান্তি ও আতঙ্কের নাম। দীর্ঘদিন সংস্কারের অভাবে পিচ ও খোয়া উঠে গিয়ে রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত । বর্তমানে এটি রাস্তা নয়, যেন এক ‘মৃত্যুর ফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পিচ-পাথর সম্পূর্ণভাবে উঠে গিয়ে মাটির সাথে মিশে গেছে। সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে রাস্তার ধারের মাটি ধসে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখানে ইটের খোয়া পিচ মাখা পাথর উপড়ে পড়ে আছে। কোথাও কোথাও রাস্তার একটা বড় অংশ ধসে গিয়ে পাশের ডোবা বা নিচু জমিতে বিলীন হয়ে গেছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিন এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং ছোট-বড় যানবাহন চলাচল করে। রাস্তার এই বেহাল দশার কারণে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। রিকশা, ভ্যান বা ইজিবাইকের মতো যানবাহনগুলো প্রতিনিয়ত উল্টে গিয়ে যাত্রী ও চালকরা আহত হচ্ছেন। কোনো জরুরি রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নেওয়ার মতো পরিস্থিতিও এখন আর এই রাস্তায় নেই।
এলাকাবাসীর দাবি, সড়কটির এই মরণদশা দূর করতে এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে নজর দেওয়া উচিত। তারা দ্রুত এই রাস্তাটি সংস্কার ও পুনঃনির্মাণের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।
কুড়িগ্রাম (ফুলবাড়ী) উপজেলা প্রতিনিধি মোঃ ফারুক মিয়া 



















