‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’।
শনিবার বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে খেলার সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপস্থিতদের মধ্যে ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন ও শফিউল আজম রানা এবং জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ।
উদ্বোধনী ম্যাচে নওগাঁ সদর ও নিয়ামতপুর উপজেলার বালক-বালিকা দল একে অপরের মুখোমুখি হয়। ম্যাচটি উপভোগ করতে মাঠে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি ও উৎসাহ।
আয়োজকরা জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মূল লক্ষ্য।
এই প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি ইভেন্টে অংশ নিচ্ছে শিশু-কিশোররা। নওগাঁ জেলায় এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশগ্রহণ করছে।






















