দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে পরিকল্পিতভাবে কাঁচের টুকরো ছিটিয়ে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত করার অভিযোগে মানববন্ধন, স্মারকলিপি প্রদান এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা।
শনিবার (২ আগস্ট) দুপুরে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন যুবসমাজ অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বিদ্যালয়ের খেলার মাঠে দুর্বৃত্তরা কাঁচের টুকরো ছিটিয়ে দেয়। এতে খেলাধুলার সময় কয়েকজন শিক্ষার্থী ও খেলোয়াড় আহত হন। ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বিদ্যালয়ের নিয়মিত ক্রীড়া কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের খেলার মাঠের একটি অংশ অবৈধভাবে দখল করে কিছু ব্যক্তি দোকানপাট স্থাপন করে ব্যবসা পরিচালনা করছেন। একাধিকবার দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হলেও তারা তা আমলে নেননি। তার অভিযোগ, অবৈধ দখল টিকিয়ে রাখতে এবং শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যেই মাঠে কাঁচের টুকরো ছিটিয়ে দেওয়া হয়েছে।
বক্তারা অবিলম্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখলমুক্ত করা, অবৈধ দোকানপাট উচ্ছেদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষার্থী ও এলাকাবাসী আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ বলেন, “অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”প্রকাশকঃ দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদকঃ স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম 



















