বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (সিজি-সিপি শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করে Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের তালিকায় স্থান পেয়েছেন বরিশালের কৃতী আইনজীবী কে এম রেজাউল ফিরোজ রিন্টু। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি মৃত মো. রজ্জব আলী খানের পুত্র। তাঁর স্থায়ী নিবাস বরিশাল জেলায়। তিনি ১৭ এপ্রিল ২০০৮ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। তাঁর জন্ম ১১ জানুয়ারি ১৯৭৬।
সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে কে এম রেজাউল ফিরোজ রিন্টুসহ নবনিয়োগপ্রাপ্ত আইনজীবীরা রাষ্ট্রের পক্ষে উচ্চ আদালতে বিভিন্ন মামলায় আইনগত সহায়তা প্রদান, সরকারের পক্ষে মামলা পরিচালনা এবং সাংবিধানিক, প্রশাসনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আদালতে রাষ্ট্রের অবস্থান উপস্থাপনের দায়িত্ব পালন করবেন।
আইন অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের এ নিয়োগ উচ্চ আদালতে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার সক্ষমতা আরও জোরদার করবে এবং বিচার কার্যক্রমকে গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মোঃরাছেল আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি 



















