সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় কাতার প্রবাসী মোঃ বখতেয়ারকে সংবর্ধনা প্রদান করেছে বাঁশখালীর স্বনামধন্য সামাজিক সংগঠন “প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন”।
শুক্রবার (২৯ মে) সকালে বাঁশখালী উপজেলার ভাদালিয়া হারুন বাজারস্থ ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ বখতেয়ার। সমাজকল্যাণে তাঁর নিরলস অবদান ও মানবিক কর্মকাণ্ড তরুণ সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হওয়ার পাশাপাশি মানবকল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মোঃ বখতেয়ারের মতো মানবিক মানুষদের সম্মাননা প্রদান অন্যদেরও সমাজসেবায় উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাস্টার আব্দুন নুর, উপদেষ্টা মোঃ জমির উদ্দীন, উপদেষ্টা মাওলানা কামাল উদ্দিন, সহ-সভাপতি হাফেজ মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা ইদ্রিস, শামীম আকবর রানা সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবর্ধনা পেয়ে মোঃ বখতেয়ার অনুভূতি প্রকাশ করে বলেন, “মানুষের ভালোবাসা ও সম্মান আমাকে আরও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও দেশের অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
মোহাম্মদ ফখরুল ইসলাম, বাঁশখালী ( চট্টগ্রাম) 



















