নওগাঁর পোরশা উপজেলায় কৃষকদের নিরবচ্ছিন্নভাবে সার সরবরাহ নিশ্চিত করা এবং চলমান সার সংকট নিরসনের লক্ষ্যে সার ডিলারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২ আগস্ট রবিবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম (ইউএনও)। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, বিএডিসি ও বিসিআইসি সার ডিলারসহ বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সারের মজুত, সরবরাহ ব্যবস্থা, বিতরণ কার্যক্রম এবং কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার পৌঁছে দেওয়া এবং বেশি দামে বিক্রি না করা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিলাররা মাঠপর্যায়ে সার সরবরাহের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্যে সার বিক্রি সহ্য করা হবে না। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে এবং সহজেই সার পেতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষকদের মৌসুমি ফসলের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সকল ডিলারকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান এবং এমপি মহোদয় পোরশা থানার সারের চাহিদা মিটানোর জন্য সরকারের পক্ষ থেকে সকল ধরনের চেষ্টা করবেন বলে আশা বাদ ব্যক্ত করেন।
সভা শেষে সারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ এবং ডিলারদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পোরশায় সার সংকট নিরসনে ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















